Print Date & Time : 20 October 2026 Tuesday 08:33 pm

নাটোরের পথে প্রাণ হারালেন শরীয়তপুরের ৫ ব্যবসায়ী

image

শরীয়তপুর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনেরর মধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৫ জন রয়েছেন। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকার সরকার পাড়ায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ৫ হলেন- জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা এবং ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার সামাদ ফকির ও পালেরচর এলাকার শাহিন। তারা ব্যবসায়িক কাজে নাটোরে গিয়েছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে একই উপজেলায় ৫ জনের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারগুলোতে শোকের মাতম চলছে। প্রিয়জনদের হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। 

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ বলেন, আমরা বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

—জা. অর্থনীতি/এনজে