Print Date & Time : 20 October 2026 Tuesday 08:26 am

৩৬৪ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কৃষি খাতের চাহিদা মেটাতে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এতে ব্যয় হবে ৩৬৪ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ১৭৫ টাকা। এর মধ্যে কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন সার কিনতে ব্যয় হবে ১৫১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৩৭৫ টাকা। আর সাবিক থেকে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানিতে ব্যয় হবে ২১৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এসব সার কিনবে। এ বাবদ ব্যয় মেটানো হবে কৃষি ভর্তুকির বাজেট থেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ মেট্রিক টন। এর মধ্যে কাফকো থেকে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এজন্য প্রতিষ্ঠানটির সঙ্গে সংশোধিত চুক্তি করেছে বিসিআইসি। চুক্তি অনুযায়ী, প্রতি লটে ৩০ হাজার মেট্রিক টন করে সার কেনা হবে।

এরই ধারাবাহিকতায় চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে কাফকোর কাছে মূল্য প্রস্তাব চাওয়া হয়। প্রতিষ্ঠানটি প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তিতে নির্ধারিত পদ্ধতিতে দাম পর্যালোচনা করা হয়। এতে প্রতি মেট্রিক টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪০৮ দশমিক ৩৭৫ মার্কিন ডলার। সেই হিসাবে ৩০ হাজার মেট্রিক টন সার কিনতে ব্যয় হবে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার ২৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৩৭৫ টাকা।

সাবিক থেকে আসবে ৪০ হাজার টন সার
সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে অষ্টম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এক্ষেত্রে প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪৩১ দশমিক ৬৭ মার্কিন ডলার। মোট ব্যয় হবে ১ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৮০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। চুক্তির শর্ত অনুযায়ী, এ চালানে অতিরিক্ত ১০ শতাংশ সার আমদানির সুযোগও রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাবিকের সঙ্গে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানি করছে বাংলাদেশ। ২০২৬-২৭ অর্থবছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি হয়েছে। চুক্তিতে নির্ধারিত মূল্য নিরূপণ পদ্ধতি অনুসরণ করে আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে অষ্টম লটের সারের দাম নির্ধারণ করা হয়েছে।

পিপিপিতে আধুনিকায়ন হবে কোকিল টেক্সটাইল মিলস
এদিকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড আধুনিকায়নের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাবটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন পায়।