Print Date & Time : 25 October 2026 Sunday 11:23 pm

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫

image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে। টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপণকর্মীরা। পরে রিসোর্টের ভেতরে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

—জা.অর্থনীতি/জেআরটি