Print Date & Time : 21 October 2026 Wednesday 02:01 pm

এআই যুগে কোন চাকরিতে বেশি আয়? আপনারটি কি আছে? (ভিডিও)

image

জাতীয় অর্থনীতি ডেস্ক:

 

এআই কি চাকরি কেড়ে নেওয়ার পাশাপাশি নতুন উচ্চ আয়ের দরজাও খুলছে? প্রযুক্তির বিস্তারে কিছু পেশা ঝুঁকিতে পড়লেও, একই সাথে তৈরি হচ্ছে এমন কিছু কাজ, যার জন্য প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীদের বেশি বেতন দিতে প্রস্তুত।

এআই, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা থেকে রোবটিকস কোন ১০টি পেশা ভবিষ্যতে সবচেয়ে মূল্যবান হয়ে উঠতে পারে? আর এখন থেকেই কোন দক্ষতাগুলো শিখলে এগিয়ে থাকা সম্ভব?

কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার শুধু চাকরির ধরন বদলাচ্ছে না, বদলে দিচ্ছে দক্ষতার মূল্যও। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৫ সালের ‘ফিউচার অব জবস’ প্রতিবেদনে এআই, বিগ ডেটা এবং সাইবার নিরাপত্তাকে ২০৩০ সাল পর্যন্ত দ্রুত বাড়তে থাকা প্রযুক্তিগত দক্ষতার মধ্যে রাখা হয়েছে।

এই প্রবণতা ধরে ভবিষ্যতে উচ্চ আয়ের সম্ভাবনাময় ১০টি পেশা হতে পারে এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ, এআই গবেষক, ডেটা বিজ্ঞানী, বিগ ডেটা বিশেষজ্ঞ, সফটওয়্যার ডেভেলপার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, এআই সলিউশনস আর্কিটেক্ট, এআই প্রোডাক্ট ম্যানেজার, রোবটিকস প্রকৌশলী এবং এআই নীতি ও নৈতিকতা বিশেষজ্ঞ।

এর মধ্যে এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞরা সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি ও উন্নয়নে কাজ করেন। বিগ ডেটা বিশেষজ্ঞ ও ডেটা বিজ্ঞানীরা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামও বিগ ডেটা এবং এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞদের দ্রুত বাড়তে থাকা পেশার তালিকায় রেখেছে।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যও এই প্রবণতার ইঙ্গিত দেয়। ২০২৪ সালে দেশটিতে ডেটা বিজ্ঞানীদের মধ্যম বার্ষিক বেতন ছিল প্রায় ১ লাখ ১২ হাজার ৫৯০ ডলার এবং কম্পিউটার ও তথ্য গবেষণা বিজ্ঞানীদের প্রায় ১ লাখ ৪০ হাজার ৯১০ ডলার। তথ্য নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যম বেতন ছিল প্রায় ১ লাখ ২৪ হাজার ৯১০ ডলার।

সফটওয়্যার ডেভেলপমেন্টও এআইয়ের কারণে হারিয়ে যাচ্ছে না। বরং এআইভিত্তিক সফটওয়্যার ও ব্যবসায়িক সমাধান তৈরির জন্য দক্ষ ডেভেলপারের চাহিদা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রে ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে সফটওয়্যার ডেভেলপারদের কর্মসংস্থান ১৫ দশমিক ৮ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে শ্রম পরিসংখ্যান ব্যুরো।
 
আর সবচেয়ে বড় ইঙ্গিত এসেছে পিডব্লিউসি’ র ২০২৬ সালের বৈশ্বিক এআই চাকরি বিশ্লেষণে। এক বিলিয়নের বেশি চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই-দক্ষ কর্মীরা গড়ে ৬২ শতাংশ বেতন-প্রিমিয়াম পাচ্ছেন।
 
তবে এসব পেশায় বেতন নিশ্চিতভাবে আকাশছোঁয়া হবে, এমন দাবি করার সুযোগ নেই। বেতন নির্ভর করবে দক্ষতা, অভিজ্ঞতা, দেশ, প্রতিষ্ঠান ও কাজের ধরন অনুযায়ী। কিন্তু বর্তমান প্রবণতা বলছে, এআই জানার সাথে নিজের মূল পেশাগত দক্ষতা যুক্ত করতে পারলে ভবিষ্যতের শ্রমবাজারে তার মূল্য বাড়তে পারে।

এআই যুগে বাড়ছে যেসব চাকরির বেতন

এআই কি চাকরি কেড়ে নেওয়ার পাশাপাশি নতুন উচ্চ আয়ের দরজাও খুলছে? প্রযুক্তির বিস্তারে কিছু পেশা ঝুঁকিতে পড়লেও, একই সাথে তৈরি হচ্ছে এমন কিছু কাজ, যার জন্য প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীদের বেশি বেতন দিতে প্রস্তুত।
এআই, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা থেকে রোবটিকস কোন ১০টি পেশা ভবিষ্যতে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে উঠতে পারে? আর এখন থেকেই কোন দক্ষতাগুলো শিখলে এগিয়ে থাকা সম্ভব?

এআই শুধু চাকরি বদলাচ্ছে না, তৈরি করছে নতুন উচ্চমূল্যের পেশাও। এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ, এআই গবেষক, ডেটা বিজ্ঞানী, বিগ ডেটা বিশেষজ্ঞ, সফটওয়্যার ডেভেলপার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, এআই সলিউশনস আর্কিটেক্ট, এআই প্রোডাক্ট ম্যানেজার, রোবটিকস প্রকৌশলী এবং এআই নীতি ও নৈতিকতা বিশেষজ্ঞ, আগামী দিনে এসব পেশার চাহিদা বাড়তে পারে। পিডব্লিউসি’র ২০২৬ সালের গবেষণা বলছে, এআই দক্ষতার গড় বেতন প্রিমিয়াম ইতোমধ্যে ৬২ শতাংশ। তাই ভবিষ্যতের বড় সুযোগ হতে পারে নিজের পেশাগত দক্ষতার সাথে এআই দক্ষতাকে যুক্ত করা।

—জা. অর্থনীতি/এলএটি