Print Date & Time : 07 November 2026 Saturday 02:58 pm

উৎসবের আমেজে ঝটপট তৈরি করুন কম তেলের স্মোকি চিকেন

image

জাতীয় অর্থনীতি জীবনযাপন: উৎসবের মরসুমে ঘরোয়া ভুড়িভোজে চটজলদি অথচ সুস্বাদু পদ হিসেবে প্রথম সারিতেই স্থান করে নেয় মুরগির মাংস। অল্প সময় ও সামান্য পরিশ্রমে কম তেলে তৈরি করে নেওয়া যায় রগরগে ‘স্মোকি চিকেন’। খুব বেশি বাটা মশলার ঝক্কি ছাড়াই মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পদটি তৈরি করে ফেলা সম্ভব।

এই সুস্বাদু পদটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে রয়েছে পরিমাণমতো মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, পাকা লঙ্কা কুচি, বিভিন্ন গুঁড়ো মশলা, স্বাদমতো লবণ, লেবুর রস, টক দই, এক টেবিল চামচ সাদা তেল, রান্নার জন্য প্রয়োজনীয় মাখন, চেরা কাঁচালঙ্কা এবং সামান্য ফ্রেশ ক্রিম।

রান্নার শুরুতে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন ও পাকা লঙ্কা মিহি করে কুচিয়ে নিতে হবে। সেই কুচানো মশলা থেকে এক টেবিল চামচ আলাদা সরিয়ে রেখে বাকিটা ধুয়ে ও জল ঝরিয়ে রাখা মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপর এতে সমস্ত গুঁড়ো মশলা, লবণ, লেবুর রস, টক দই এবং এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে।

ম্যারিনেশন শেষে কড়াইয়ে তেল ও মাখন গরম করে আলাদা করে রাখা এক টেবিল চামচ কুচানো কাঁচা মশলা ফোড়ন দিতে হবে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা মাংস তুলে দিতে হবে কড়াইয়ে। প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাঝারি আঁচে ঢেকে মিনিট পাঁচেক কষাতে হবে। কষানোর সময় তলায় মশলা সামান্য লেগে এলে তা ঘষে তুলে নিলে রান্নার স্বাদ আরও বৃদ্ধি পায়।

মাংস থেকে তেল ছেড়ে এলে ওপর থেকে চেরা কাঁচালঙ্কা ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্মোকি চিকেন। এই রান্নাটিতে খাঁটি রেস্তোরাঁ ধাঁচের ধোঁয়াটে বা ‘স্মোকি’ স্বাদ আনতে কয়লার ধোঁয়ার কৌশল প্রয়োগ করা যেতে পারে। এজন্য মাংস নামানোর আগে পাত্রের মাঝে ছোট একটি স্টিলের বাটি বা ফয়েল পেপার রেখে তার ওপর এক টুকরো জ্বলন্ত কয়লা রেখে সামান্য ঘি বা মাখন ঢেলে ঢাকনা বন্ধ করে কয়েক মিনিট রাখলে পোড়া গন্ধ মাংসের মধ্যে চমৎকারভাবে ছড়িয়ে পড়ে। এতে বাড়তি কোনো ক্ষতিকর ফ্যাট যোগ না করেই সম্পূর্ণ তন্দুরি আমেজ পাওয়া যায়।

—জা. অর্থনীতি/এলএটি