Print Date & Time : 26 October 2026 Monday 02:57 pm

ফেসবুকে প্রেম, ভাইকে নিয়ে জয়পুরহাটে ভারতীয় যুবক

image

জয়পুরহাট প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন দুই ভাই। তাদের মধ্যে একজনের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তরুণীর বাবা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই দুই ভারতীয় নাগরিকের অবস্থানের বিষয়টি জানা যায়। ভারতীয় দুই নাগরিকের আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথিপত্র অনুযায়ী, তারা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশি ও তার ভাই মুর্শিদ চাপরাশি।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ফারুক চাপরাশির। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তার ভাই মুর্শিদ। বর্তমানে তারা পূর্ণিমার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে, ভারতীয় দুই নাগরিকের আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয় বাসিন্দাদের আগ্রহ দেখা যায়। তবে তাদের সঙ্গে সরাসরি কথা বলা বা বক্তব্য নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে পূর্ণিমার ভাই হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে ছেলে-মেয়েরা মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়ায়। ওই তরুণ ও তার বড় ভাই বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত দিয়ে আমার বাড়িতে এসেছেন। আমরাও ভারতে যাওয়ার জন্য ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে। তখন বিষয়টি সবাইকে জানানো হবে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভারতীয় দুই নাগরিকের কালাইয়ে আসার খবর পুলিশ পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে।

—জা. অর্থনীতি/এএইচএ