Print Date & Time : 08 November 2026 Sunday 07:49 am

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিকফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মনিরুদ্দিন মালিথার ছেলে। তিনি পেশায় একজন পাখিভ্যানচালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে আসা একটি যাত্রীবাহী বাস তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে কুষ্টিয়া নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার নামক স্থানে পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি