Print Date & Time : 25 October 2026 Sunday 09:44 pm

রাবি ক্যাম্পাস ও ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী

image

জাতীয় অর্থনীতি ক্যাম্পাস: পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও নগরের ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী ডিভিশন। ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’-এর আওতায় এ কর্মসূচিতে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। একই প্রকল্পের অংশ হিসেবে স্কুলশিক্ষার্থীদের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়েছে।

গত ৯ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে স্বেচ্ছাসেবীদের সমবেত করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে শহীদ মিনার এলাকা, প্যারিস রোড, আমচত্বর ও জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এরপর স্বেচ্ছাসেবীরা নগরের জনবহুল ফুলতলা এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করেন।

এর আগে ৮ অক্টোবর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীকে রং ও আর্ট পেপার দেওয়া হয়। ‘আমি আমার পরিবেশকে কেমন দেখতে চাই’ শীর্ষক কার্যক্রমে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা লিখে সবার সামনে তুলে ধরে।

বৃক্ষরোপণ পার্টনার চন্দ্রকলি ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ প্রজাতির ১৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে ছিল বাতাবিলেবু, তেঁতুল, জলপাই, আমড়া, কাঁঠাল, আতাফল, কামরাঙা ও কদবেল।

প্রকল্পের পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে ১১ অক্টোবর রাত ৯টায় ফেসবুক লাইভে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার আয়োজনের কথা রয়েছে। এতে বিশেষজ্ঞরা তরুণ ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক সুস্থতা নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া ১২ অক্টোবর রাজশাহীর একটি সাঁওতাল পল্লিতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। এতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেওয়ার কথা রয়েছে। প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

প্রকল্পটির সার্বিক বাস্তবায়নে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে গ্রো-আপ। এ ছাড়া বৃক্ষরোপণ পার্টনার চন্দ্রকলি ফাউন্ডেশন, মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার পার্টনার সাইকোচ বাংলাদেশ, নিরাপত্তা পার্টনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), মিডিয়া পার্টনার বার্লো কমিউনিকেশনস লিমিটেড এবং রেডিও পার্টনার রেডিও পদ্মা ৯৯.২ এফএম।

—জা. অর্থনীতি/এলএটি