Print Date & Time : 21 October 2026 Wednesday 02:44 pm

সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা

image

জাতীয় অর্থনীতি সারাবাংলা: খাগড়াছড়ি-সাজেক সড়কে স্থানীয় আঞ্চলিক সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকবাহী গাড়ি চলাচলের নির্ধারিত সময়সূচিতে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে নির্ধারিত সময়ের স্কট বন্ধ থাকায় দুপুর ১২টার দিকে বিশেষ নিরাপত্তায় একসঙ্গে বহর নিয়ে সাজেকের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন ছাড়ার উদ্যোগ নেয় প্রশাসন। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে এই অবরোধের কারণে খাগড়াছড়িতে আসা শত শত পর্যটক চরম ভোগান্তির মুখে পড়েছেন।

বিশেষ করে, যারা দিনব্যাপী সফরের পরিকল্পনা নিয়ে সকালে খাগড়াছড়ি পৌঁছে বিকেলে সাজেক থেকে ফিরে আসার প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। রাতভর দূরপাল্লার বাসে জার্নি করে ভোরে খাগড়াছড়ি নেমে নির্ধারিত সময়ে সাজেক যেতে না পেরে দিঘীনালা ও খাগড়াছড়ি কাউন্টার এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের।

সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুর থেকে আসা বেশ কয়েকজন পর্যটক জানান, অবরোধ সম্পর্কিত সঠিক তথ্য আগে থেকে জানা না থাকায় তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী রওয়ানা দিয়েছিলেন। কিন্তু খাগড়াছড়ি নেমে জানতে পারেন দুপুরের আগে পর্যটকবাহী কোনো গাড়ি ছাড়বে না। অল্প সময়ের জন্য হোটেল রুম নেওয়াও সম্ভব না হওয়ায় খোলা জায়গায় তাদের অপেক্ষা করতে হচ্ছে।

খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ জানান, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন আজ থেকে অনির্দিষ্টকালের এই সড়ক অবরোধের ডাক দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। নির্দেশনামতে, খাগড়াছড়ি থেকে দুপুর ১২টায় সব গাড়ি একসঙ্গে ছাড়া হবে এবং বাঘাইছড়ি থেকে দুপুর ২টার বহরে পর্যটকদের সাজেকে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে একইভাবে ফিরিয়ে আনা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাজেক সড়কের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। পর্যটকদের নিরাপত্তায় পুরো সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি