Print Date & Time : 24 October 2026 Saturday 05:45 am

মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের কারাদণ্ড

image

জাতীয় অর্থনীতি সারাবাংলা: চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’-এ প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে আবু তাহের নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৩৯৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো স্থানীয় ২৮টি এতিমখানা, উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ ধরণের কঠোর অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি