Print Date & Time : 24 October 2026 Saturday 09:13 am

ইরান যুদ্ধ ঘিরে মার্কিন সেনা নিহত ২১, আহত ৮৬৫

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান-সংশ্লিষ্ট ঘটনায় নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৮৬৫ জন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হালনাগাদ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে শাফাক নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) তথ্য ৯ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। আগের সরকারি হিসাবের তুলনায় নিহতের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, ইরানবিরোধী সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট নিহতদের মধ্যে যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার পাশাপাশি যুদ্ধের বাইরের ঘটনায় প্রাণ হারানো সেনাসদস্যরাও রয়েছেন।

তবে ইরান সংঘাতে মার্কিন সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে পেন্টাগনের প্রকাশিত তথ্যের অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ জুলাইয়ের পরের হতাহতের ঘটনাগুলো ‘অপারেশন এপিক ফিউরি’র আওতাভুক্ত হতাহতের হিসাব থেকে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। ফলে সংঘাতে মোট কতজন মার্কিন সেনা হতাহত হয়েছেন, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

এর আগে সেপ্টেম্বরের শুরুর দিকে পেন্টাগনের প্রকাশিত তথ্যে ইরান সংঘাত-সংশ্লিষ্ট মার্কিন সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮। তাদের মধ্যে ১৮ জন নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন।

সর্বশেষ পরিসংখ্যানে নিহত ও আহতের সংখ্যা বাড়লেও সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব হতাহতের হিসাব একত্রে নির্ধারণ করা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

জা.অর্থনীতি/এসআই