Print Date & Time : 25 October 2026 Sunday 04:49 pm

দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

image

চট্টগ্রাম প্রতিনিধি: নাগরিক সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত এবং উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালুর মাধ্যমে দেশের প্রথম আনুষ্ঠানিক সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পতেঙ্গাস্থ বিমানবন্দর সড়কে তিন কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকের ফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "সাইকেল চালানো কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি শারীরিক সুস্থতা ও পরিবেশ সুরক্ষার অত্যন্ত কার্যকর উপায়। উন্নত বিশ্বের অনেক দেশেই নাগরিকেরা দৈনিক যাতায়াতে সাইকেল ব্যবহার করেন। নাগরিকদের জন্য নিরাপদ হাঁটার পথ, সাইকেল ট্র্যাক ও উন্মুক্ত পরিসর তৈরি করা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক চাহিদার অংশ।" নগরীর প্রতিটি খালের দুই পাড়সহ উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক সম্প্রসারণে স্থানীয় সংসদ সদস্যদেরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

সভাপতির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, পতেঙ্গা বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অধীনে নির্মিত এই তিন কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে সাইকেল চালনোর পাশাপাশি সুনির্দিষ্ট ওয়াকওয়ে এবং দুই পাশে নান্দনিক সবুজায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

দেশের প্রথম এই ডেডিকেটেড সাইকেল ট্র্যাকের যাত্রা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটনে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

—জা. অর্থনীতি/এলএটি