Print Date & Time : 26 October 2026 Monday 10:48 pm

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন

image

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তী। এ পদে তাকে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। বুধবার রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে মিঠুনের নিয়োগ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের আদেশক্রমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। সেই দপ্তরের উপদেষ্টা হিসেবে মিঠুন কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

তবে নতুন সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে মিঠুনকে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও এরই মধ্যে পেয়েছেন তিনি।

সম্প্রতি নিউটাউনে নির্মিতব্য উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে মিঠুনকে ওই ফিল্ম সেন্টারের উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাকে ভবিষ্যতে আরও বড় ভূমিকায় দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর বিজেপির বিভিন্ন নির্বাচনী প্রচারে তারকাপ্রচারক হিসেবে অংশ নেন এই অভিনেতা-রাজনীতিক।

জা.অর্থনীতি/এসআই