Print Date & Time : 26 October 2026 Monday 12:00 am

কুমিল্লায় এবার ৮৬০ মণ্ডপে হবে দুর্গাপূজা

image

কুমিল্লা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লায় প্রস্তুতিমূলক ও বর্ধিত সভা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়িতে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ সভা হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপভিত্তিক সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা সমাধান করা হবে। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তারা।

একই সঙ্গে পূজামণ্ডপ কমিটিগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সম্প্রীতির বাংলাদেশে সবার সহযোগিতায় এবারও কুমিল্লায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

এদিকে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কুমিল্লার ১৮টি উপজেলাসহ বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। এ বছর জেলায় মোট ৮৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৪২টি। ২০২৫ সালে জেলায় মণ্ডপের সংখ্যা ছিল ৮১৮টি।

এদিকে ২০২৬ সালে কুমিল্লা মহানগর এলাকায় ১৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। আগামী ১০ অক্টোবর থেকে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এছাড়া ১০ অক্টোবর থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপির সদস্য পাহারায় থাকবেন।

আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজাকে ঘিরে এরই মধ্যে মণ্ডপ সাজসজ্জা, প্রতিমা নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি চলছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন কুমিল্লার সনাতন ধর্মাবলম্বীরা।

—জা. অর্থনীতি/এনজে