Print Date & Time : 21 October 2026 Wednesday 12:22 pm

রংপুরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

image

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে একটি ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (২৫) নামের এক ব্যাটারিচালিত চার্জার ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিপুল চন্দ্র বর্মন উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা রাস্তার সংলগ্ন একটি ধানক্ষেতে গলাকাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীরা। খবর পেয়ে রাত ১টার দিকে পীরগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে।

লাশের পাশেই নিহতের ব্যবহৃত চার্জার ভ্যানটি পড়ে ছিল। প্রাথমিক সুরতহালে নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, নির্জন স্থানে দুর্বৃত্তরা তার চার্জার ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় বিপুলের সাথে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হলে একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে স্থান ত্যাগ করে ঘাতকেরা।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনসহ জড়িত ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এলএটি