বিনোদন ডেস্ক: মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে চিকিৎসাধীন। গত ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী।
এরপর থেকে বিশ্রামের পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন তানিয়া। শনিবার (৩ অক্টোবর) বিকেলে দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।
তানিয়া বলেন, তিনি এখন অনেকটা ভালো আছেন। বর্তমানে কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস শেষ হয়েছে এবং এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস কেমো নেওয়ার পর কিছু পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত জানাবেন।
বর্তমানে ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তানিয়া। গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মন শান্ত রাখতেই সেখানে গেছেন বলে জানান তিনি।
অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে এখন অনেকটা সুস্থ বোধ করায় আবার অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন। তানিয়া জানান, চলতি মাস থেকেই নাটকের কাজ শুরু করার বিষয়ে কথাবার্তা চলছে। দর্শক-ভক্তদের আগ্রহ থাকলে দ্রুতই শুটিংয়ে ফিরতে চান তিনি।
জা.অর্থনীতি/এসআই