Print Date & Time : 08 November 2026 Sunday 08:04 am

সাতক্ষীরার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির পাশে জলাশয়ে পড়ে জান্নাতুল (৩) ও সানজাদুল (২) নামের দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে জান্নাতুল ও সানজাদুল একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অলক্ষ্যে শিশু দুটি বাড়ির পাশের জলাশয়ে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনেরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে জলাশয়ের পানিতে শিশুদের অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখে স্বজনেরা উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে স্বজনদের মাঝে আহাজারি পড়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় পুরো সিংহলাল গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা শিশুদের জলাশয় ও পুকুর সংলগ্ন এলাকায় খেলাধুলার সময় অভিভাবকদের আরও সতর্ক ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।  

—জা. অর্থনীতি/এলএটি