Print Date & Time : 25 October 2026 Sunday 07:11 pm

চলন্ত বাসে সন্তান জন্ম, ব্যতিক্রমী উপহার দিলো পরিবহন কর্তৃপক্ষ

image

অনলাইন ডেস্ক: চলন্ত বাসে ফুটফুটে এক ছেলেসন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম নামের এক নারী। ঘটনাটি ঘটেছে ঢাকা থেকে বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসে। 

ঘটনাটি স্মরণীয় করে রাখতে বাস কর্তৃপক্ষ নিয়েছে এক দারুণ ও ব্যতিক্রমী উদ্যোগ। সন্তান জন্ম নেওয়ার বিষয়টি জানার পরপরই আনাস এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব দিপু এক অনন্য ঘোষণা দেন। 

তিনি জানান, শিশু আনাস হাসান এই বাসে আজীবন বিনামূল্যে যাতায়াত করতে পারবে। শুধু তা-ই নয়, শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা-ও পাবেন একই সুবিধা। 

বাসের নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা নবজাতকের নাম রেখেছেন ‘আনাস হাসান’। 

খবরটি ছড়িয়ে পড়তেই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের বাড়িতে শিশুটিকে দেখতে উপচে পড়া ভিড় জমে।

৩০ সেপ্টেম্বর দুপুরে বাসটির সুপারভাইজার মজনু নবজাতকের বাড়িতে গিয়ে পরিবারের হাতে তুলে দেন একটি নতুন দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনীসহ নানা উপহার সামগ্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যানও এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবারসহ ঢাকার জিরানী থেকে বাসে ওঠেন গর্ভবতী আবিদা বেগম। চিকিৎসকরা আরও ২০ দিন পর সন্তান প্রসবে সময় বেঁধে দিলেও, ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় আসতেই শুরু হয় তীব্র প্রসব বেদনা। ঠিক সেই মুহূর্তে বাসে থাকা এক অভিজ্ঞ ধাত্রীর সহায়তায় বাস থামিয়ে নিরাপদে শিশুটির জন্ম হয়। মুহূর্তেই বাসের ভেতর নেমে আসে আনন্দের আমেজ। 

সুপারভাইজার মজনু মিয়া তাৎক্ষণিকভাবে বাসের সব যাত্রীকে মিষ্টি খাইয়ে আনন্দ উদ্‌যাপন করেন।  

 

—জা. অর্থনীতি/এলএটি