Print Date & Time : 28 October 2026 Wednesday 07:22 am

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব

image

নিজস্ব প্রতিবেদক: সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের ১ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। অনুসন্ধানে চাঁদাবাজি ও চোরাচালানের মাধ্যমে ওই সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

দুদক সূত্রে জানা গেছে, প্রলয় কুমার জোয়ারদার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে চাঁদা আদায়, চোরাচালানে সম্পৃক্ততা এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশে পাচার করে বিপুল আবাসিক সম্পদ গড়ে তোলার মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছিল সংস্থাটি। দুদকের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের অনুসন্ধানে প্রলয় কুমার জোয়ারদারের নামে মোট ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের প্রাথমিক সত্যতা মেলে। 

দুদক সূত্রে আরও জানা যায়, তার স্ত্রী প্রয়াত মিসেস বিপ্লবী রানীর নামে ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক মিসেস বিপ্লবী রানী ২০২৩ সালের ৬ নভেম্বর মৃত্যুবরণ করায় তাকে মৃত্যুর কারণে যাবতীয় ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস