Print Date & Time : 25 October 2026 Sunday 01:02 am

শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় সাবান জব্দ

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তের পাহাড়ি ডুমুরতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় 'জনসন বেবি' সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে ৩৯ বিজিবির অধীনস্থ কর্ণঝোড়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল দল কৌশলগত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পণ্যগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্রের বিবরণ অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বাধীন একটি দল রাতে ডুমুরতলা পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। ভোরে ডুমুরতলা নামক স্থানে বিজিবির টহল দলের উপস্থিতি অনুধাবন করতে পেরে ভারতীয় চোরাকারবারিরা মালামালের কার্টুনগুলো ফেলে দ্রুত গহীন পাহাড়ের ভেতরের দিকে সটকে পড়ে।

পরবর্তীতে বিজিবির উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে গণনা চালিয়ে সাবানের চালানটি জব্দ তালিকাভুক্ত করা হয়। জব্দকৃত প্রসাধন পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্ত এলাকায় ভারতীয় চোরাচালান পণ্য জব্দের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আন্তর্জাতিক অপরাধ ও সব ধরনের চোরাচালান বন্ধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি