Print Date & Time : 20 October 2026 Tuesday 03:50 pm

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে: পেজেশকিয়ান

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করবে কি না, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তেহরান যুদ্ধ চালিয়ে যেতে চায় না এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে প্রস্তুত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে পেজেশকিয়ান বলেন, ‘আলোচনার মাধ্যমে যখন সমস্যার সমাধান করা সম্ভব, তখন একে অপরকে হত্যা করার পথে যাওয়া উচিত নয়। কিন্তু ইসরায়েলের উসকানির কারণে তারা আমাদের ওপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে।’

তার ভাষায়, ‘আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই না। এটি শেষ করতে চায় কি না, সেটি আমেরিকাকেই সিদ্ধান্ত নিতে হবে।’

এর এক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান ওয়াশিংটনের চাপের কাছে ইরান ‘নতজানু হবে না’ বলে মন্তব্য করেন। নিউইয়র্কে তার সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলার কথা জানান।

পেজেশকিয়ান বলেন, ইরান সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। এর আগে হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘চুক্তি স্বাক্ষরের দুই সপ্তাহের মধ্যেই তারা কেন সেটি ধ্বংস করার সিদ্ধান্ত নিল?’

তিনি আরও বলেন, বর্তমান মার্কিন সরকার যদি আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে ইরান তাতে রাজি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নাকি পরে চুক্তি হবে—সেটি ইরানের জন্য বড় বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠক হলেও অগ্রগতি নেই

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন।

তবে ওই আলোচনায় তাৎক্ষণিক কোনো বড় অগ্রগতি হয়নি।

—জা. অর্থনীতি/এএইচএ