Print Date & Time : 22 October 2026 Thursday 08:43 am

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল

image

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে (জিএমটি ০৭:৪০) এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, সানলিউরফার কারাকোপ্রু এলাকাকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসেবে শনাক্ত করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ দশমিক ৩৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পের কম্পন সানলিউরফার আশপাশের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সানলিউরফার গভর্নর হাসান সিলদাক জানিয়েছেন, ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর কারাকোপ্রু এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উদ্ধারকারী ও তদারকি দলগুলো কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো বিপর্যয়ের তথ্য পাওয়া যায়নি।

এএফএডি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সম্পর্কে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানা গেছে।

জা.অর্থনীতি/এসআই