Print Date & Time : 25 October 2026 Sunday 03:38 pm

শিশু ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

image

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় একটি শিশু শ্রেণিতে পড়া শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। 

রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালতের আদেশে তাকে কড়া পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলায় আসামির বাড়ির সীমানায় ও প্রাঙ্গণে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় আসামি মিরাজ শেখ কৌশলে ডেকে তাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের অপচেষ্টা চালান।

এ ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান তদন্ত শেষে অভিযুক্ত মিরাজ শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরবর্তী সময়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, "সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট এবং এর মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমবে বলে আশা করছি।"

—জা. অর্থনীতি/এলএটি