Print Date & Time : 08 November 2026 Sunday 07:55 am

অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা

image

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগমের কিশোর ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. শহীদ উল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান। অপ্রতিম হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত রহস্য উন্মোচন এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এর আগে নিহত অপ্রতিমের পরিবারের সাথে কোটবাড়ির গন্ধমতিস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম। সাক্ষাতকালে জেলা বিচার বিভাগের উর্ধ্বোতন কর্মকর্তাগণ অপ্রতিমের বাবা-মায়ের সাথে কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে এক শোকাতুর বক্তব্যে নিহত অপ্রতিমের মা ড. নাহিদা বেগম অভিযোগ করেন, একটি মহল তাঁর মরহুম ছেলেকে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে অপরাধের সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাদকসেবী ও চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলাম এবং অনেককে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। সেই পূর্বশত্রুতার জের ধরে যদি আমার মাসুম বাচ্চাকে টার্গেট করে হত্যা করা হয়ে থাকে, তবে তা আমি কিছুতেই মেনে নেব না। আমার কোনো অপরাধ থাকলে আমাকে শাস্তি দিক, আমার নিষ্পাপ সন্তানকে কেন তারা কেড়ে নিল?"

তিনি আরও বলেন, "আমার দুধের শিশুকে অপরাধীদের সঙ্গী বানিয়ে পার পাওয়ার যে চেষ্টা চলছে, তা ধোপে টিকবে না। আমি শুধু নিজের সন্তানের হত্যার বিচার চাই না; ওই খুনিরা জেল থেকে বের হলে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেটি নিশ্চিত করতেই তাদের সর্বোচ্চ বিচার চাই।"

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সব পক্ষের ঐক্যবদ্ধ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।  

—জা. অর্থনীতি/এলএটি