Print Date & Time : 22 October 2026 Thursday 05:46 am

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে রাসায়নিক সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের তীব্র প্রতিবাদ জানিয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি নূর রহমান, স্থানীয় ব্যবসায়ী তাওফিকুল ইসলামসহ সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সার ডিলার নিয়োগের বিষয়টি সরাসরি জেলার প্রান্তিক কৃষকদের স্বার্থ ও কৃষিজ উৎপাদনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়, তবে তা পুরো কৃষি সরবরাহ ব্যবস্থার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এবং প্রকৃত যোগ্য ব্যবসায়ীদের বঞ্চিত ও হতাশ করবে।

বক্তারা আরও অভিযোগ করেন, নীতিমালা অনুযায়ী একাধিক প্রার্থী সমযোগ্যতাসম্পন্ন হলে সেখানে স্বচ্ছ লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করার নিয়ম রয়েছে। কিন্তু কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি সারের ডিলারশিপ পাইয়ে দিতে বড় অঙ্কের অর্থ লেনদেনের গুঞ্জনও শোনা যাচ্ছে। তাই অনতিবিলম্বে সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে ডিলার নিয়োগের জোর দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা আবেদন যাচাইকরণ, প্রাথমিক বাছাই, অগ্রাধিকার তালিকা তৈরি এবং চূড়ান্ত ডিলার নির্বাচনের প্রতিটি পদক্ষেপে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলেন। একই সঙ্গে রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ে কাউকে বেআইনি সুবিধা না দিয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা, আবেদনকারীদের তালিকা প্রকাশ্যে টাঙানো এবং যাদের আবেদন বাতিল করা হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা প্রদানের জোর দাবি জানানো হয়।  

—জা. অর্থনীতি/এলএটি