Print Date & Time : 07 November 2026 Saturday 01:31 pm

হুথি হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তা দেবে ব্রিটেন

image

আন্তর্জাতিক ডেস্ক: হুথিদের হামলা প্রতিহত করতে সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে ব্রিটেন। এর আওতায় সৌদি আরবের যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেন, সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহে আরএএফকে অনুমতি দিয়েছেন তিনি।

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে। এ জন্য একটি আরএএফ ভয়েজার ট্যাংকার মোতায়েন করা হবে। এটি সৌদি যুদ্ধবিমানকে ‘প্রতিরক্ষামূলক’ অভিযানের সময় আকাশে জ্বালানি সরবরাহ করবে। প্রাথমিকভাবে কয়েক সপ্তাহের জন্য এ চুক্তি কার্যকর থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হবে।

বার্নহ্যাম বলেন, ব্রিটেন ও বৃহত্তর অঞ্চলের স্বার্থ রক্ষায় তিনি এ পদক্ষেপ নিয়েছেন। সৌদি আরব হামলার শিকার হচ্ছে এবং আরও অস্থিতিশীলতার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক তেল পরিবহনপথ সচল রাখাও জরুরি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হয়েছে। হুথিরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। শনিবার রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।

হুথিরা লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি দিয়ে সৌদির সামুদ্রিক চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। বাণিজ্যিক জাহাজ ও সৌদির জ্বালানি স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ব্রিটেন জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে তারা অংশীদারদের সঙ্গে কাজ করবে।

জা.অর্থনীতি/এসআই