আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রগুদামে ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ঈস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন। তবে সেখানে বিস্ফোরণ অব্যাহত থাকায় জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ছে।
তিনি সাধারণ মানুষকে বিস্ফোরণস্থল থেকে দূরে থাকার আহ্বান জানান এবং চলমান পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেন।
এদিকে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের সাময়িকভাবে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে ধারাবাহিক বিস্ফোরণ চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবাদানকারী দলগুলো কাজ করছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বিস্ফোরণস্থল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।
জা.অর্থনীতি/এসআই