আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২১ সেপ্টেম্বর) কুনার প্রদেশে চালানো এ হামলার তথ্য জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা। প্রায় তিন মাসের আপেক্ষিক শান্তির পর নতুন করে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কুনার প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং চারজন আহত হন বলে জানিয়েছেন তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
এ ছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমাবর্ষণের কথা জানিয়েছেন ফিতরাত। তার ভাষ্য অনুযায়ী, ওই হামলায় একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সীমান্তপারের জঙ্গি তৎপরতাকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ডে আশ্রয় নেওয়া জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
গত ১৮ সেপ্টেম্বর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার কয়েক দিন পর নতুন করে এ বিমান হামলা চালানো হলো।
এর আগে মার্চে কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ৪০০ জনের বেশি নিহত হওয়ার দাবি করেছিল আফগান তালেবান সরকার। হামলায় একটি মাদক পুনর্বাসনকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ করে তারা। তবে পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করে জানায়, হামলায় সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের সহায়তা অবকাঠামো লক্ষ্য করা হয়েছিল।
জা.অর্থনীতি/এসআই