Print Date & Time : 25 October 2026 Sunday 04:54 pm

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

image

অনলাইন ডেস্ক: পটুয়াখালী সদর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযানে পুলিশের রেকার দিয়ে বাসটি উত্তোলনের পর খাদ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে রাত ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০), একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রির মেয়ে তিথি (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বাসটি উত্তোলনের পর আরও একজনের মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য, নিহত তিনজন অটোরিকশাটির যাত্রী ছিলেন। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালায়। নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই