Print Date & Time : 24 October 2026 Saturday 12:17 pm

যবিপ্রবিতে চালু হল সার্ভিস চার্জবিহীন ডিজিটাল পেমেন্ট

image

যশোর প্রতিনিধি: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কোনো প্রকার বাড়তি সার্ভিস চার্জ ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থীদের সব ধরনের ফি ও পেমেন্ট আদায় কার্যক্রম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শিক্ষার্থীদের ভোগান্তি দূর করে পূর্ণাঙ্গ ক্যাশলেস ও অটোমেটেড ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে যুগান্তকারী এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সূচনা করা হলো।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে ‘একপে’ (ekpay) পেমেন্ট গেটওয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "শিক্ষার্থীদের সময় ও প্রশাসনিক ভোগান্তি কমাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বদা অগ্রগামী। দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার প্রক্রিয়াকে কোনো চার্জ ছাড়াই শতভাগ ডিজিটাল অটোমেশনের আওতায় এনেছি। এতে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা শেষ হলো এবং আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলো। শিক্ষার্থীবান্ধব ক্যাশলেস ক্যাম্পাস গড়ার এই প্রয়াস অব্যাহত থাকবে।"

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান জানান, ঘরে বসেই এক ক্লিকে ফি জমা দেওয়ার এই সুবিধা ক্যাম্পাস জীবনকে আরও সহজ ও গতিশীল করবে। অপরদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উল্লেখ করেন, প্রথাগত কাগজ বা ভাউচারের ব্যবহার কমে তাৎক্ষণিকভাবে হিসাব হালনাগাদ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক তহবিল ব্যবস্থাপনা আরও নিরাপদ ও স্বচ্ছ হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন এই অটোমেটেড ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার ফলে আজ থেকেই সেমিস্টার ফি, ভর্তি ফি (অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি), ট্রান্সক্রিপ্ট, সনদ, হল ও লাইব্রেরি ফি-সহ সব ধরনের সরকারি ফি ‘একপে’ গেটওয়ের মাধ্যমে দেওয়া যাবে। শিক্ষার্থীরা বিকাশ, নগদ, রকেট, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই দ্রুততম সময়ে ফি পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীর অ্যাকাউন্টে ই-রসিদ চলে যাবে এবং তা কেন্দ্রীয় ডাটাবেজে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।

—জা. অর্থনীতি/এলএটি