Print Date & Time : 24 October 2026 Saturday 10:42 am

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে মাসকান্দা বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের সিংহভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে রাতে বাসটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা বা অসাধু কোনো চক্র আগুন দিয়ে থাকতে পারে।"

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত আলামত জব্দ করেছে এবং বিষয়টি অগ্নিকাণ্ড নাকি পরিকল্পিত নাশকতা- তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত শুরু করেছে।

—জা. অর্থনীতি/এলএটি