Print Date & Time : 24 October 2026 Saturday 12:15 pm

নৌকা বাইচে অংশ নেওয়া নৌকার মাঝি পানিতে পড়ে নিখোঁজ

image

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে আকস্মিক পানিতে পড়ে মো. কফিল উদ্দিন নামে এক বাইচাল মাঝি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযানে তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী সংলগ্ন বাইচ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ কফিল উদ্দিন নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের বাঘবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গুরুই গ্রামের একটি বাইচ নৌকার অন্যতম মূল মাঝি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে নিকলীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলছিল। চূড়ান্ত প্রতিযোগিতার একপর্যায়ে নিজের নৌকা সামলানোর সময় ভারসাম্য হারিয়ে নদীর প্রবল স্রোতে পড়ে তলিয়ে যান কফিল উদ্দিন। মুহূর্তের মধ্যে তিনি নিখোঁজ হলে প্রতিযোগিতা স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দলকে তলব করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ মাঝিকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

এদিকে একমাত্র উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে কফিল উদ্দিনের পরিবারে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা দ্রুত কফিল উদ্দিনকে উদ্ধারে প্রশাসন ও ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় অভিজ্ঞ নৌকা চালকদের সহযোগিতা চেয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি