Print Date & Time : 24 October 2026 Saturday 02:46 am

জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ভিশন-মিশন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাতে হুমায়ুন কবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপাচার্য তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ভৌত অবকাঠামো এবং বর্তমান প্রশাসনের ভিশন-মিশন সম্পর্কে তাকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি