Print Date & Time : 08 November 2026 Sunday 05:11 am

হাইকোর্টে রিট নিষ্পত্তি বাড়ছে, শৃঙ্খলা ফিরলে কমবে মামলার চাপ

image

অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে। বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে এবং ব্যক্তিস্বার্থে রিট মামলা দায়ের বন্ধ হলে মামলার চাপ আরও কমবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর আদালতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন। বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে রিট মামলার সংখ্যা কমবে এবং মানুষ প্রকৃত ন্যায়বিচার পাবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্টে বিচারাধীন রিট মামলার সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৯৬০টি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন রিট মামলা দায়ের হয় ৪ হাজার ১১২টি এবং নিষ্পত্তি হয় ২ হাজার ২১৩টি।

এপ্রিল থেকে জুন পর্যন্ত নতুন রিট মামলা দায়ের হয় ৪ হাজার ৭২৯টি। বিপরীতে নিষ্পত্তি হয় ৯ হাজার ৫৯০টি। জুন শেষে বিচারাধীন রিট মামলার সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২৪ হাজার ৯৯৯টি।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনেক সময় জনস্বার্থ মামলার নামে ব্যক্তিস্বার্থে রিট করা হয়। জমি দখল, সীমানা বিরোধ ও বিল-বাঁওড়সংক্রান্ত ব্যক্তিগত বিরোধেও সরাসরি হাইকোর্টে রিট করা হচ্ছে। অথচ এসব বিষয়ে নিম্ন আদালতে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায় হাইকোর্টের জন্য বাধ্যতামূলক। আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ করে বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে রিট মামলার সংখ্যা কমবে।

জা.অর্থনীতি/এসআই