Print Date & Time : 25 October 2026 Sunday 02:24 pm

সুইজারল্যান্ডে পাহাড়ের ঢালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

image

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা-সংলগ্ন ভ্যালেস ক্যান্টনে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ভ্যালেস ক্যান্টন পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার শিকার ছোট উড়োজাহাজটিতে থাকা তিনজনই নিহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এক ইঞ্জিনবিশিষ্ট সিরাস এসআর২২টি মডেলের উড়োজাহাজটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরে এটি ভ্যালেস ক্যান্টনের ল্যুকারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে আঘাত হেনে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকর্মী অংশ নেন। তবে ঘটনাস্থলে পৌঁছে তারা উড়োজাহাজটিতে থাকা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

সুইসইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে সুইজারল্যান্ডে তিন বা তার বেশি মানুষের মৃত্যু হয়েছে-এমন নয়টি বিমান দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে ল্যুকারবাডের সাম্প্রতিক দুর্ঘটনাটি ওই হিসাবের অন্তর্ভুক্ত নয়।

জা.অর্থনীতি/এসআই