আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে পৃথক চারটি ঘটনায় ২৩৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির বন্দর কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। মঙ্গলবার গাভদোস থেকে হেরাক্লিয়ন ও লাসিথির দক্ষিণ উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব উদ্ধার অভিযান চালানো হয়।
দুপুরের দিকে ফ্রন্টেক্সের একটি জাহাজ গাভদোসের দক্ষিণে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা শনাক্ত করে। পরে নৌকাটিতে থাকা ৬৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ, দুই নারী ও দুই শিশু ছিলেন। হেলেনিক কোস্টগার্ডের সহায়তায় তাদের পালাইওখোরার তিগানি বন্দরে নেওয়া হয়। পরে চানিয়ার আগিয়া আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।
এর আগে দিনের শুরুতে কালই লিমেনেসের প্রায় ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি বিপদগ্রস্ত নৌকার বিষয়ে সতর্ক করা হয় কর্তৃপক্ষকে। ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ডের সদস্যরা ৬৭ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ ও দুই শিশু ছিলেন। পরে তাদের হেরাক্লিয়ন বন্দরে নেওয়া হয়।
অন্য এক অভিযানে কালই লিমেনেস এলাকার সারি ফোরাদা সৈকত থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও চার শিশু ছিলেন। এ ঘটনায় ব্যবহৃত একটি আউটবোর্ড মোটর জব্দ করা হয়েছে এবং নৌকাটি ধ্বংস করা হয়।
এ ছাড়া ইয়েরাপেত্রার কলোভ্রেখতিস সৈকত থেকে আরও ৫০ জনকে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত পূর্ব লিবিয়া থেকে প্রায় ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছেছেন। ২০২৫ সালে গ্রিসে প্রায় ৪৯ হাজার মানুষ পৌঁছেছিলেন।
জা.অর্থনীতি/এসআই