Print Date & Time : 08 November 2026 Sunday 06:21 am

চালুর তৃতীয় দিনেই আবার বন্ধ সিইউএফএল

image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ১৫ সেপ্টেম্বর আবার উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে চালুর তৃতীয় দিনেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে কারখানাটির উৎপাদন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে কারখানাটিতে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। দ্রুততম সময়ে ত্রুটি সারিয়ে কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, বর্তমানে কারখানাটিতে গ্যাস সরবরাহে কোনো সংকট নেই; সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন সিইউএফএলের দৈনিক প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টন ইউরিয়া এবং ৮০০ টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। ফলে উৎপাদন বন্ধ থাকায় কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না।

—জা.অর্থনীতি/জেআরটি