মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। পেছন থেকে একটি বাসের ধাক্কায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও তার সফরসঙ্গীরা সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হওয়া আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটি বারইয়ারহাট এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে অলৌকিকভাবে গাড়িতে থাকা আমিরে হেফাজতসহ তার সফরসঙ্গী কেউ আঘাত পাননি।
দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পরবর্তীতে ফেনীর মহিপাল এলাকায় স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী জেলা হেফাজতে ইসলামের সহ-প্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, "দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল ও মহিপাল এলাকায় যাই। আল্লাহর অশেষ রহমতে আমিরে হেফাজত সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন। পরবর্তীতে তাকে অন্য একটি নিরাপদ গাড়িতে তুলে দিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে।"
—জা. অর্থনীতি/এলএটি