Print Date & Time : 08 November 2026 Sunday 01:38 am

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

image

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে আজ ১৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্রের নীতি, মূল্যবোধ ও চর্চা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর অগ্রগতি ও অবস্থান পর্যালোচনার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) গণতন্ত্রের নীতি, উপাদান ও অনুশীলনের ওপর একটি সর্বজনীন ঘোষণা গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ২০০৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অন্যতম উদ্দেশ্য হলো নাগরিকের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন, রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাও গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক ও মানবাধিকার এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি গড়ে তোলার বিষয়টিকে সমর্থন করে।

তিনি বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়। গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

রিজভীর আরও বলেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হন।

জা.অর্থনীতি/এসআই