Print Date & Time : 08 November 2026 Sunday 02:34 am

শেরপুরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

image

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বৃদ্ধ সজু শেখ ও তার অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের অসহায়ত্বের খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক সহায়তার পাশাপাশি নুরজাহানের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক এবং সংশ্লিষ্টরা ওই দম্পতির কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন।

এ সময় জেলা প্রশাসক তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক ও পারিবারিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। পরে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অসুস্থ নুরজাহান বেগমের চিকিৎসার জন্য জেলা প্রশাসকের উদ্যোগে তাকে শেরপুরের আবেদীন হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে দম্পতির অন্যান্য প্রয়োজন ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

পাবনায় ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সজু শেখ ও নুরজাহান বেগম দুজনই বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন। এর বাইরে তাদের জীবনযাপনের প্রয়োজনীয় বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

এর আগে কয়েক দিন আগেও জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই দম্পতিকে খাদ্য, আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও তাদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, খাদ্য ও আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রায় স্বস্তি ফেরানো জেলা প্রশাসনের মানবিক কার্যক্রমের অংশ বলে জানিয়েছে প্রশাসন।

—জা.অর্থনীতি/এনজে