Print Date & Time : 07 November 2026 Saturday 12:34 pm

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই ও রোবোটিক্স

image

অনলাইন ডেস্ক: বিশ্বমানের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সরকার স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে প্রয়োজনীয় সংস্কার চলছে।

তিনি জানান, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় যুক্ত হবে। ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিক্ষা চালু হবে, যা শিক্ষার্থীদের আন্তঃব্যক্তিক ও স্থানান্তরযোগ্য দক্ষতা অর্জনে সহায়তা করবে।

উপদেষ্টা বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য তা বাধ্যতামূলক করা হবে।

তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠানে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা কারিকুলামের সঙ্গে যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার অব এক্সিলেন্স’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই