Print Date & Time : 28 October 2026 Wednesday 06:57 am

ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

image

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সিনেমার জন্য ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এলো বড় অর্জনের সুখবর। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ উৎসবের অফিশিয়াল শাখায় অংশ নিয়েই পুরস্কার জিতেছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে সিনেমাটি। একই সঙ্গে এই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রুবাইয়াত হোসেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান নির্মাতা রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু এক পোস্টে এই অর্জনের খবর নিশ্চিত করেন।

হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমা নির্বাচিত হয়। এবার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা উৎসবটির অফিশিয়াল শাখা অরিজন্তি বিভাগে জায়গা করে নেয়। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

মূল পুরস্কার ঘোষণার আগেই এই সাফল্য পেল সিনেমাটি। বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর গত ২ সেপ্টেম্বর ভেনিসের লিডোতে শুরু হয়। শনিবার, ১২ সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে অফিশিয়াল শাখার পুরস্কার ঘোষণা করা হবে। অরিজন্তি বিভাগে প্রতিযোগিতা করছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ও।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে। ভেনিসের পর সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে।

জা.অর্থনীতি/এসআই