Print Date & Time : 08 November 2026 Sunday 03:15 am

শাহজালালে একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে আবারো বিদেশী মদ!

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটের পাঁচজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ২৪ লিটার আমদানি নিষিদ্ধ বিদেশি মদ (লিকার) আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। উদ্ধারকৃত এই লিকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দার সি-শিফট এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: শাহজালালে বিদেশি মদসহ ৭ যাত্রী আটক

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার ‘এআইওয়ানটুএইটথ্রি’ ফ্লাইটযোগে আসা কয়েকজন যাত্রী বিপুল পরিমাণ ব্যাগেজসহ অবৈধ পণ্য বহন করছেন বলে তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার সি-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের কৌশলগত পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে নজরদারি জোরদার করেন। সকাল ১০টা ৫৬ মিনিটে ফ্লাইটটি অবতরণ করার পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন পাঁচ যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চালিয়ে কাসেমের ব্যাগ থেকে ছয় লিটার, মো. মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে তিন লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে দুই লিটার এবং শামসুল আলম পলাশের ব্যাগ থেকে এক লিটারসহ মোট ২৪ লিটার প্রিমিয়াম ব্র্যান্ডের লিকার উদ্ধার করা হয়। পরবর্তীতে কাস্টমস আইন ও বিধি অনুযায়ী সমস্ত মদ ব্যাগেজ থেকে জব্দ করা হয়।

একই রুট এবং একই ফ্লাইটের একাধিক যাত্রীকে ব্যবহার করে মদ বহনের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা শাখা। এর নেপথ্যে কোনো আন্তর্জাতিক সংঘবদ্ধ চোরাচালান চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে।

—জা.অর্থনীতি/আরএস