Print Date & Time : 07 November 2026 Saturday 02:03 pm

কালিন্দী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাতবাসীকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপের মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ চেষ্টা চালায়। তারা একটি কাঠের নৌকা ও একটি স্পিড বোটে করে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) আওতাধীন খুরমী বিওপির কালিন্দী নদীর মধ্যবর্তী 'বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট' চরে নামিয়ে দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি খুরমী বিওপির বিজিবি টহলদলের নজরে আসামাত্রই তারা নিজস্ব স্পিড বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের গতিপথে বাধা সৃষ্টি করে। বিজিবির এই কঠোর ও অটল মনোভাবের কারণে বিএসএফ সদস্যরা ব্যর্থ হয় এবং সকাল ১১টার দিকে ওই ব্যক্তিদের নিয়ে পুনারায় ভারতের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৭ বিজিবির (নীলডুমুর ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ১৭ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা লঙ্ঘন করে কোনোভাবেই কোনো ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো সম্ভাব্য পুশ-ইন বা অনুপ্রবেশ প্রতিহত করতে গোয়েন্দা নজরদারিসহ বিজিবির টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি