Print Date & Time : 07 November 2026 Saturday 08:58 am

হরমুজ প্রণালিতে মার্কিন ২ ড্রোন জাহাজে ইরানের হামলা

image

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন নৌযানে (ড্রোন জাহাজ) হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় মার্কিন ড্রোন জাহাজ দুটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে চলাচল করে। ফলে এই এলাকায় সামরিক সংঘাত বা নৌ-চলাচলে বিঘ্ন দেখা দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

হামলার ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। ঘটনার পর হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করেছে সংশ্লিষ্ট প্রতিরক্ষা সংস্থাগুলো।

এদিকে, মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়ে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হয়, সেদিকেও নজর রাখছে আন্তর্জাতিক মহল। কৌশলগত এই জলপথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

জা.অর্থনীতি/এসআই