Print Date & Time : 07 November 2026 Saturday 10:47 am

তিন রূপে পর্দায় আসছেন আল্লু আর্জুন, থাকছেন দীপিকা-রাশমিকাও

image

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু আর্জুনকে এবার দেখা যাবে একসঙ্গে তিনটি ভিন্ন চরিত্রে। ‘জাওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলির পরিচালনায় নির্মিত সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামা ‘রাকা’-তে এমনই চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। পৌরাণিক কাহিনি ও বিজ্ঞান কল্পকাহিনির মিশেলে নির্মিত সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’য় আল্লু আর্জুনের একটি চরিত্রে তাকে দেখা যাবে ঐশ্বরিক যোদ্ধার ভূমিকায়। অন্য একটি চরিত্রে তিনি অভিনয় করবেন খলনায়ক হিসেবে। তবে তৃতীয় চরিত্রটি নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবেই চরিত্রটি গোপন রাখা হয়েছে বলে জানা গেছে।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভারতীয় পৌরাণিক যুগের প্রেক্ষাপটে অন্তঃসত্ত্বা এক নারীর বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। জানা গেছে, দীপিকার অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির পর আবারও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন আল্লু আর্জুন। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে সেপ্টেম্বর মাসে সিনেমার চূড়ান্ত পর্যায়ের শুটিংয়ের জন্য বিশাল সেট নির্মাণের প্রস্তুতি চলছে। সেখানে আল্লু ও রাশমিকা টানা শুটিং করবেন বলে জানা গেছে।

অ্যাটলির এই মেগা প্রজেক্টে আরও অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর, রাম্যা কৃষ্ণন, যোগী বাবু ও জিম সার্ভ। বিজয় সেতুপতি ও শাহরুখ খানের সম্ভাব্য উপস্থিতি নিয়ে আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

জা.অর্থনীতি/এসআই