Print Date & Time : 28 October 2026 Wednesday 06:13 am

উপজেলা অফিসের সামনে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে এলাকাবাসী

image

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা চালুর ফলে অফিসে আসা সাধারণ সেবাগ্রহীতা ও এলাকাবাসীর চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ কেটে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, অল্প বৃষ্টিতেই ইউএনও কার্যালয়ের সামনে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। সমস্যা নিরসনে ২০২৫-২৬ অর্থবছরে এডিপির সাধারণ বরাদ্দ থেকে ৩ লাখ ৫ হাজার ৬৪৭ টাকা ব্যয়ে একটি ড্রেনেজ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ৫০ ফুট দৈর্ঘ্য, ১৮ ফুট প্রস্থ এবং ৬ ফুট গভীরতার ড্রেন ও ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স বন্ধু ট্রেডার্স’।

কেন্দুয়া পশ্চিম বাজারের ব্যবসায়ী আলম মিয়া জানান, সামান্য বৃষ্টিতেই পরিষদের সামনে পানি আটকে থাকত, যা পার হয়ে অফিসে যাওয়া কঠিন ছিল। ড্রেনটি নির্মাণের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বড় দুর্ভোগ থেকে রেহাই পেলেন।

কেন্দুয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ জানান, জনগণের চলাচলের কষ্ট লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের মাধ্যমে পানি নিষ্কাশনের এ কাজটি দ্রুত সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ প্রশাসনিক কাজে এই কার্যালয়ে আসেন। জলাবদ্ধতা নিরসন হওয়ায় সেবাগ্রহীতাদের যাতায়াত সুগম হয়েছে। তবে এ ড্রেনেজ ব্যবস্থার সুফল বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত দেখভালের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

—জা. অর্থনীতি/এলএটি