Print Date & Time : 08 November 2026 Sunday 03:01 am

সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা

image

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী বিশেষ আয়োজনের অংশ হিসেবে রংপুরে সুবিধাবঞ্চিত ৭৫ শিশুর হাতে মানসম্মত বই তুলে দিয়েছে আশা শিক্ষা কর্মসূচি ও ট্যালেন্টবি পাবলিকেশন্স। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশা শিক্ষা কর্মসূচি ও ট্যালেন্টবি পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বই বিতরণ উৎসব ‘Literacy Express’-এর অংশ হিসেবে রংপুর জেলা শহরের রেলস্টেশন সংলগ্ন জুম বাংলাদেশ স্কুলে এ বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের প্রধান শিক্ষক আসিফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির এডুকেশন প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন আশা রংপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হারুনার রশীদ, আশা’র রংপুর বিভাগীয় এডুকেশন মনিটর আনোয়ারুস শাফি, আশা’র এডুকেশন অফিসার পিয়াস আহমেদ এবং জুম বাংলাদেশ স্কুল-রংপুরের পরিচালক মো. নাহিদ হাসান খন্দকার। 

অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আশা ও ট্যালেন্টবি পাবলিকেশন্সের যৌথ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “আমাদের বিশেষ কার্যক্রম ‘Literacy Express’-এর যাত্রা এই স্কুলে বই প্রদানের মাধ্যমে শুরু হলো। মাসব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ও মানসম্মত শিক্ষা উপকরণ পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” 

ট্যালেন্টবি পাবলিকেশন্সের প্রতিনিধি রিফাত হোসেন বলেন, “আশার এই উদ্যোগের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে আমরা পাশে থাকব।” 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির রিসোর্স ডেভেলপার আব্দুল আওয়াল খান টিটু, রেজওয়ান ইসলাম, জুম বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। 

বই বিতরণ শেষে বই হাতে পেয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়। 

আয়োজকরা জানান, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শুরু হওয়া ‘Literacy Express’ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী দেশের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই ও মানসম্মত শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস