Print Date & Time : 26 October 2026 Monday 04:28 am

বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

image

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুর্গন্ধের সূত্র ধরে একটি বন্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রবিউল ইসলাম উথলী বাজারপাড়ার বাসিন্দা সালাম মোল্লার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং মানসিকভাবে অসুস্থ হয়ে ওই ঘরে একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের কারণ অনুসন্ধানে নেমে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে একটি তালাবদ্ধ ঘর খুলে রবিউলের পচন ধরা মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, মরদেহটিতে পচন ধরে চেনার উপায় ছিল না। ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর সঠিক কারণ ও সময় উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি