বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। তিনি সদ্যবিদায়ী উপাচার্য এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে চার বছরের জন্য উপাচার্য পদে পদায়ন করা হয়েছে। তবে চাকরির মেয়াদ শেষে অবসর গ্রহণের তারিখ যেটি আগে আসবে, সে সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্তানুসারে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।
নবাগত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার একজন খ্যাতনামা মৎস্যবিজ্ঞানী ও গবেষক। মৎস্যসম্পদে বিশেষ অবদানের জন্য তিনি সম্প্রতি ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেন। শিক্ষায় অবদানের পাশাপাশি তিনি ২০২৪ সাল থেকে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সর্বশেষ গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
—জা. অর্থনীতি/এলএটি